নৈহাটির বিস্ফোরণ-কাণ্ডে দু’পাড়ের অনেক বাড়ির ক্ষতি

11th January 2020 পশ্চিমবঙ্গ
নৈহাটির বিস্ফোরণ-কাণ্ডে দু’পাড়ের অনেক বাড়ির ক্ষতি


বৃহস্পতিবার নৈহাটির গৌরীপুরে গঙ্গার পাড়ে পুলিশের বাজেয়াপ্ত করা বাজির মশলা এবং রাসায়নিক নিষ্ক্রিয় করতে ঘটানো ওই বিস্ফোরণে সেখানকার বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অভিঘাত পৌঁছয় গঙ্গার অপর পাড়ে, চুঁচুড়াতেও। চুঁচুড়ার গঙ্গার ধার বরাবর তিনটি ওয়ার্ডের বহু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বাদ যায়নি জোড়াঘাটের কাছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ‘বন্দে মাতরম ভবন’ও। ওই হেরিটেজ ভবনের একাধিক জানলার কাচ ভেঙে পড়ে। সব মিলিয়ে দু’পাড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা অন্তত ৪৮৪টি বলে প্রশাসন সূত্রের খবর। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন জানায়, সেখানে ক্ষতি হয়েছে ১৫৬টি বাড়ির। এলাকার বাসিন্দাদের দাবি, অল্প ফাটল ধরেছে আরও দেড়শো বাড়িতে। হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও বলেন, ‘‘যা রিপোর্ট এসেছে, তাতে এখানে ৩২৭টি বাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রিপোর্ট রাজ্য প্রশাসনের কাছে পাঠিয়ে দিচ্ছি। রাজ্যের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।’’ ‘বন্দে মাতরম ভবন’টি রক্ষণাবেক্ষণ করে হুগলি-চুঁচুড়া পুরসভা। পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায় ওই ভবনের জানলার কাচ সারানোর জন্য পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন।

শুক্রবার বিস্ফোরণ-স্থল পরীক্ষা করেন সিআইডি-র বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞেরা। আসেন রাজ্য পুলিশের আইজি অজয় নন্দও। ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, “তদন্ত চলছে। ফরেন্সিক বিশেষজ্ঞেরা শনিবার ঘটনাস্থল পরীক্ষা করবেন।” ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে থাকা গঙ্গার রেলসেতুতে বিস্ফোরণের প্রভাব পড়েছে কিনা সে ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে বলেও পুলিশ কমিশনার জানিয়েছেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি সূত্রের মতে, বিস্ফোরক নিষ্ক্রিয় করার ক্ষেত্রে গা ছাড়া ভাব ছিল। সে জন্যই ৩০০ কেজিরও বেশি বিস্ফোরকে একবারে আগুন দেওয়া হয়। আর তাতেই বিপত্তি।





Others News

‘কাশ্মীরের ধৃত DSP সিং না হয়ে খান হলে কী হত?’, বিজেপিকে জিজ্ঞাসা অধীরের

‘কাশ্মীরের ধৃত DSP সিং না হয়ে খান হলে কী হত?’, বিজেপিকে জিজ্ঞাসা অধীরের


নিউজ ডেস্কঃ জঙ্গিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে কাশ্মীরের ডি এস পি দেবেন্দ্র সিং। তাকে জেরা করে জানা গিয়েছে, এই কাজের জন্য ১২ লক্ষ টাকা নিয়েছিল সে। তদন্তে আরও জানা যায়, ২০০১ সালের সংসদ হামলার মূলচক্রী হিসেবে ফাঁসিতে ঝোলা আফজল গুরুকে দিল্লিতে এক জঙ্গিকে লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিল দেবেন্দ্র। সেই জঙ্গিই পরে সংসদে হামলা চালায়। শুধু এই ঘটনাই নয়, দীর্ঘদিন ধরে এভাবেই জঙ্গিদের সাহায্য করেছে সে। এই বিষয়গুলি প্রকাশ্যে আসার পরই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। সরাসরি প্রশ্ন তুলেছেন, ধৃত ডি এস পি দেবেন্দ্র সিং যদি শিখ না হয়ে মুসলিম হত তা হলে কী হত? এত বড় মাপের একজন পুলিশ আধিকারিক গ্রেপ্তার হওয়ার পরে পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার ফের তদন্ত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার এই বিষয়ে একাধিক টুইট করে কোনওভাবেই দেশের শত্রুদের যাতে ছাড়া না হয় তার পক্ষে জোরালো সওয়াল করেন লোকসভার বিরোধী দলনেতা। এক্ষেত্রে যেন তাদের ধর্ম ও সামাজিক পরিচয় কোনও প্রভাব ফেলতে না পারে সেকথাও উল্লেখ করেন। টুইট করে প্রশ্ন করেন, ‘দেবেন্দ্র সিংয়ের বদলে ওই ডিএসপি’র নাম যদি দেবেন্দ্র খান হত। তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ -র ট্রোল রেজিমেন্টের আক্রমণ আরও তীব্র ও কৌতূকপূর্ণ হত। আমাদের দেশের শত্রুদের শরীরের রং, বর্ণ এবং ধর্ম নির্বিশেষে নিন্দিত হওয়া উচিত।’