NRC এর প্রথম ধাপ NPR বলে মনে করেন আসাদউদ্দিন ওয়েইসি

25th December 2019 ভারত
NRC এর প্রথম ধাপ NPR বলে মনে করেন  আসাদউদ্দিন ওয়েইসি


নিউজ ডেস্কঃ জাতীয় জনসংখ্যাপঞ্জির (NPR) সঙ্গে জাতীয় নাগরিকপঞ্জির (NRC) কোনও সম্পর্ক নেই খোলসা করেছেন অমিত শাহ। কিন্তু তা মানতে রাজি নন আসাদউদ্দিন ওয়েইসি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবিকে খণ্ডন করে অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সুপ্রিমোর বক্তব্য, এনপিআর হল এনআরসির প্রথম ধাপ। দেশের মানুষকে বিভ্রান্ত করছেন অমিত শাহ। প্রসঙ্গত, মঙ্গলবারই এই সম্পর্কে সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি এও জানান, প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন। সংসদে বা কেন্দ্রীয় মন্ত্রিসভায় দেশজুড়ে এনআরসি করার কোনও আলোচনাই হয়নি কখনও।

ওয়েইসি জানিয়েছেন, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী NPR হচ্ছে। তাহলে NRC’র সঙ্গে তার সম্পর্ক নেই কীভাবে? দেশবাসীকে ভুল বোঝাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওয়েইসি আরও বলেন, ‘সংসদে আমার নাম করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ওয়েইসিজি গোটা দেশেই NRC লাগু হবে। এখন দেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন?’ এরপরই সরাসরি অমিত শাহকে আক্রমণ করে তিনি বলেন, ‘শাহজি, যতদিন বেঁচে থাকব সত্যি কথা বলব! NPR হল NRC’র প্রথম ধাপ। ২০২০ সালে NPR-এর কাজ শেষ হয়ে গেলে নথি চাইবে সরকার।’





Others News

দেবেন্দ্রের মামলা এনআইএ-র হাতে

 দেবেন্দ্রের মামলা এনআইএ-র হাতে


নিউজ ডেস্কঃ হিজবুল মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে গ্রেফতার জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি দেবেন্দ্র সিংহের মামলা হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দেবেন্দ্র যে হিজবুল জঙ্গিদের নিরাপদে জম্মুতে নামিয়ে আনছিলেন তারা পাক-অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে হওয়া দু’টি অভিযানের প্রতিশোধ নিতে দিল্লি, পঞ্জাব অথবা চণ্ডীগড়ে বড় মাপের বিস্ফোরণের ছক কষেছিল। সূত্রের খবর, ধৃত ডিএসপি-কে কাশ্মীরে জিজ্ঞাসাবাদের পরে দিল্লিতে নিয়ে এসে ফের এক দফা জেরা করার পরিকল্পনা রয়েছে। এ দিকে গত বছর লোকসভা ভোটের ঠিক আগে পুলওয়ামায় আধাসেনার কনভয়ে বিস্ফোরণের সময়ে সেখানে দেবেন্দ্রের উপস্থিতি নিয়ে আজ তরজায় জড়িয়ে পড়ে কংগ্রেস ও বিজেপি। 

শনিবার কুলগামের কাছে ধরা পড়েছিলেন দেবেন্দ্রে নামে ওই অফিসার ও জঙ্গিরা। অভিযোগ, ধৃত জঙ্গিদের নিরাপদে জম্মুতে নিয়ে আসার জন্য জঙ্গি পিছু ১২ লক্ষ টাকা নিয়েছিলেন ওই অফিসার। গত ক’দিন ধরে উপত্যকায় প্রবল তুষারপাতের কারণে সড়কে যাতায়াত কার্যত বন্ধ রয়েছে। সূত্রের খবর, সে কারণে আপাতত কাজিগুণ্ডের কাছে রাখা হয়েছে ওই পুলিশ অফিসার ও জঙ্গিদের। স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, বিশেষ মর্যাদা লোপের পরে কাশ্মীরে নজরদারি বাড়ায় সমতলে হামলার ছক কষছিল ওই জঙ্গিরা। গোয়েন্দাদের একটি সূত্রের দাবি, হামলার পরিকল্পনায় দেবেন্দ্রের মোবাইল ফোনও ব্যবহার করে তারা। অন্য জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছাড়াও অস্ত্র-গোলাবারুদের জোগান সম্পর্কিত আলোচনা হয় ওই ফোনের মাধ্যমে। জঙ্গিদের সঙ্গে দেবেন্দ্রের ঘনিষ্ঠতা কোন পর্যায়ে গিয়েছিল, বাহিনীর আর কোনও অফিসার অর্থের বিনিময়ে জঙ্গিদের হয়ে কাজ করেন কি না তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্র জানিয়েছে, দেবেন্দ্রের নামে থাকা পুরনো অভিযোগের ফাইল খোলা হচ্ছে। ২০০১ সালে সংসদ হামলায় অন্যতম দোষী আফজল গুরু ওই কাণ্ডে দেবেন্দ্রের জড়িত থাকার অভিযোগ করেছিল। আফজলের অভিযোগ ছিল, দেবেন্দ্রের চাপে পড়েই তাকে সংসদ হামলাকারী এক জঙ্গির দিল্লিতে থাকা ও গাড়ির ব্যবস্থা করে দিতে হয়েছিল। আফজলের সেই পুরনো অভিযোগ খতিয়ে দেখছেন গোয়েন্দারা। জম্মু-কাশ্মীরের প্রাক্তন ডিআইজি ইশরার খানের কথায়, ‘‘ওই ব্যক্তির নামে তোলাবাজির অভিযোগ রয়েছে। কিছু পুলিশ অফিসার টাকার লোভে এই ধরনের কাজ করে বাহিনীর বদনাম করে।’’ আজই কেন্দ্র জানিয়েছে, দেবেন্দ্র সিংহ কোনও রাষ্ট্রপতি পদক পাননি। তবে ২০১৭ সালে পুলওয়ামাতে জঙ্গি দমনে সাহসিকতার জন্য রাজ্যস্তরে মেডেল দিয়ে সম্মানিত করেছিল জম্মু-কাশ্মীর প্রশাসন।